মোবাইল চুরি, চোরকে পুলিশে দিলেন জনতা

Spread the news

অনিন্দিতা পাল, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৪ জুন : হাইলাকান্দি শহরের প্রাণকেন্দ্র থেকে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি শহরের বিবেকানন্দ রোডে।

নয়া ভবন নির্মাণকাজে কর্মরত এক রাজমিস্ত্রির সহায়কের নতুন মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ওই শ্রমিক কাজের সুবিধার্থে নিজের নতুন মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ভবনটির একটি নির্দিষ্ট স্থানে রেখে শহরের বিবেকানন্দ রোডে  অবস্থিত নয়া ভবন নির্মাণকাজে ব্যস্ত হয়ে পড়েন। কাজ শেষে তিনি সেখানে ফিরে এসে দেখেন মোবাইল ফোন ও টাকা কোনোটিই আর সেখানে নেই। এরপর তিনি অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস না পেয়ে ভবনের মালিককে বিষয়টি জানান। খবর পেয়ে নির্মিয়মান ভবনের মালিক দ্রুত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায়, এক যুবক ওই স্থান থেকে মোবাইল ফোনটি নিয়ে চলে যাচ্ছে।

পরদিন, অর্থাৎ বৃহস্পতিবার, স্থানীয়রা ওই যুবককে হাইলাকান্দি স্টেশন এলাকায় দেখতে পেয়ে আটক করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে এনে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক জানায়, সে মোবাইল ফোনটি চুরি করে টাকার বিনিময়ে অন্য একজনের কাছে দিয়ে দিয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চুরি যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা সম্পূর্ণভাবে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *