
বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে বড়খলা বিধানসভা এলাকার দুটি বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণকাজের শিলান্যাস করলেন বিধায়ক কিশোর নাথ।

প্রথমে কাঠাল গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের রাজপুর এমই স্কুলে VBG RAM G ২০২৬-২৭ প্রকল্পের অধীনে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণকাজের শিলান্যাস করেন বিধায়ক। এরপর ছেছরি এলাকায় অবস্থিত বড়খলা মণিপুরি হাইস্কুলের সীমানা প্রাচীর নির্মাণকাজেরও শিলান্যাস করা হয়। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার ৯৬৯ টাকা।

উভয় শিলান্যাস অনুষ্ঠানে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও উন্নয়ন খণ্ডের আধিকারিক, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং দলীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কিশোর নাথ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তোলা তাঁর অন্যতম অগ্রাধিকার। বড়খলা বিধানসভা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা-সহ সার্বিক উন্নয়নে আগামী দিনেও তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।



