ডিজিটাল মাধ্যমের প্রসারে মুদ্রিত সংবাদমাধ্যমের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা নেই : বিভূতিভূষণ

বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : প্রথমবারের মতো প্রকাশিত পুস্তিকা ‘বরাক তরঙ্গ : শারদ-দৃষ্টি’র আনুষ্ঠানিক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল ওয়েব নিউজ পোর্টাল ‘বরাক তরঙ্গ’। শনিবার শিলচরের পেনশনার্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পুস্তিকাটির আনুষ্ঠানিক উন্মোচন করেন বিশিষ্ট সাংবাদিক তথা ‘মিজোরাম পোস্ট’-এর সম্পাদক বিভূতিভূষণ গোস্বামী।

বিশিষ্ট সাংবাদিক মিলন উদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে, বার্তাজীবী সংঘের কাছাড় জেলা সভাপতি বিশ্বজিৎ শীল এবং ‘শারদ-দৃষ্টি’র সম্পাদক এএ আশু চৌধুরী।

উন্মোচক বিভূতিভূষণ গোস্বামী তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল মাধ্যমের দ্রুত প্রসারের মধ্যেও মুদ্রিত সংবাদমাধ্যমের গুরুত্ব যে ফুরিয়ে যায়নি, এই ধরনের পুস্তিকা প্রকাশ তারই প্রমাণ। বর্তমানে মোবাইলের মাধ্যমে সংবাদ পড়া ও শোনার প্রবণতা বাড়লেও প্রিন্ট এডিশন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। ডিজিটাল মাধ্যমের প্রসারে মুদ্রিত সংবাদমাধ্যমের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা নেই বলেও তিনি মত প্রকাশ করেন। পাশাপাশি ‘বরাক তরঙ্গ’-এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে, বিশ্বজিৎ শীল ও অভিজিৎ ভট্টাচার্য। বক্তারা ডিজিটাল ও মুদ্রিত সংবাদমাধ্যমের বর্তমান অবস্থান, গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ‘বরাক তরঙ্গ’-এর ভূমিকার প্রশংসা করেন তাঁরা।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ‘বরাক তরঙ্গ’-এর সঙ্গে যুক্ত সহযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন মোহাম্মদ জনি, শমীন্দ্র পাল, দিলোয়ার বড়ভূইয়া, রূপক চক্রবর্তী, নিপ্পু লস্কর, বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দত্ত, দিলু দাস, অরূপ নন্দী, রমিজ উদ্দিন মজুমদার, আহাদুল হক লস্কর, অপু মজুমদার, শামিম বড়ভূইয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বরাক তরঙ্গ এর সম্পাদক এএ আশু চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি।




