মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : দীপাবলি ও কালীপুজোকে সামনে রেখে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক তৎপরতা শুরু হলেও পাথারকান্দিতে এখনও তেমন কোনও দৃশ্যমান উদ্যোগ নজরে না আসায় উদ্বেগ বাড়ছে স্থানীয় সচেতন মহলে। উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
উল্লেখ্য, শ্রীভূমি জেলা-সহ বরাকের বিভিন্ন প্রশাসনিক এলাকায় বাজি বিক্রি ও পোড়ানোর ক্ষেত্রে বিধিনিষেধ, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু পাথারকান্দি সমজেলায় এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রশাসনিক নির্দেশিকা, সর্বদলীয় বৈঠক কিংবা বিশেষ নিরাপত্তামূলক পদক্ষেপের খবর সামনে আসেনি। ফলে উৎসবের আগে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিশেষ করে অতীতের অভিজ্ঞতা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। কয়েক বছর আগে দীপাবলির সন্ধ্যায় পাথারকান্দিতে সড়কের ওপর বাজি পোড়ানোকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সামান্য ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার আগেভাগেই সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা বলছেন সচেতন নাগরিকরা।

তাঁদের দাবি, অবিলম্বে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, পূজা কমিটি এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি সর্বদলীয় সমন্বয় সভার আয়োজন করা হোক। পাশাপাশি স্পর্শকাতর এলাকা ও জনবহুল সড়কে পুলিশি নজরদারি বৃদ্ধি, বাজি বিক্রিতে সরকারি বিধিনিষেধ কার্যকর এবং নিষিদ্ধ আতশবাজির ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

স্থানীয়দের বক্তব্য, কোনও অনভিপ্রেত ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম সতর্কতাই প্রশাসনের দায়িত্বশীলতার পরিচয়। পাথারকান্দির সাধারণ মানুষ শান্তিপূর্ণ পরিবেশে দীপাবলি ও কালীপুজো উদ্যাপন করতে চান। তাই উৎসবের আনন্দ ও সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে পাথারকান্দি সার্কেল ও সমজেলা প্রশাসনের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।



