শিলচর পুর নিগমের নতুন অধ্যায়ের সূচনা, শপথ নিলেন মেয়র অমরেন্দ্র ও ডেপুটি মেয়র বিজেন্দ্রপ্রসাদ

Spread the news

বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার শিলচর পুরনিগমের নবনির্বাচিত বোর্ডের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো।  শিলচরের রাজীব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ৪২টি ওয়ার্ডের নবনির্বাচিত কমিশনাররা শপথ গ্রহণ করেন। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র অমরেন্দ্র পাল এবং ডেপুটি মেয়র বিজেন্দ্রপ্রসাদ সিং। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, দুই রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব ও কণাদ পুরকায়স্থ, সাত বিধায়ক ডাঃ রাজদীপ রায়, রাজদীপ গোয়ালা, কিশোর নাথ, আমিনুল হক লস্কর, অমিয়কান্তি দাশ, কমলাক্ষ দে পুরকায়স্থ ও ড. মিলন দাস, গৃহ ও নগর উন্নয়ণ বিভাগের আয়ুক্ত সচিব পদ্মনাভন, গৃহ ও নগর উন্নয়ণ বিভাগ তথা প্রশাসক শিলচর পুর নিগমের সচিব ড. জীভন বি, জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা, শিলচর পুর নিগম আয়ুক্ত অঙ্কুর দাস, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, অসম গণ পরিষদের কাছাড় জেলা সভাপতি নজমুল ইসলাম লস্কর বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং রাজনৈতিক দলের বিশিষ্ট নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ৩৭ নম্বর ওয়ার্ডের কমিশনার অমরেন্দ্র পালকে শিলচর পুরনিগমের মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। অন্যদিকে, ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার বিজেন্দ্রপ্রসাদ সিং ডেপুটি মেয়রের দায়িত্ব পান।

শপথগ্রহণের পর নবনির্বাচিত মেয়র, ডেপুটি মেয়র, অন্যান্য কমিশনার এবং মন্ত্রী কৌশিক রায় তাঁদের বক্তব্যে শিলচর শহরের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শহরের রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের সমস্যা সমাধান, পরিচ্ছন্নতা বজায় রাখা, নাগরিক পরিষেবার আধুনিকীকরণ এবং দুর্নীতিমুক্ত পুরনিগম গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তাঁরা। পাশাপাশি দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন করে শিলচরকে একটি উন্নত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

এদিন শিলচর পুরসভাকে পুরনিগমে উন্নীত করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। তাঁদের বক্তব্যে আগামী পাঁচ বছরে শহরের পরিকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস উঠে আসে।

নতুন বোর্ডের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শিলচর শহরের প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন নতুন মেয়র ও ডেপুটি মেয়রের নেতৃত্বে শহরের দীর্ঘদিনের সমস্যাগুলির কতটা সমাধান হয় এবং উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবে কতটা প্রতিফলিত হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন শিলচরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *