মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : চলন্ত ট্রেনে তল্লাশি চালিয়ে চারটি ৭.৬৫ এমএম পিস্তল ও আটটি ম্যাগাজিন উদ্ধার করল রেল পুলিশ। এই ঘটনায় বিহারের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রূপেশ কুমার (২১)। তার বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার মীরগঞ্জ থানার অন্তর্গত দামেলি ঘাট এলাকায়।

জিআরপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বদরপুর থেকে পাথারকান্দি পর্যন্ত ১৩১৭৩ নম্বর শিয়ালদহ-সাবরুম এক্সপ্রেসে বদরপুর আরপিএফের কর্মীদের সহযোগিতায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশের একটি দল। তল্লাশির সময় নিউ করিমগঞ্জ ও বরাইগ্রাম রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় এক যাত্রীর কাছ থেকে চারটি ৭.৬৫ এমএম পিস্তল এবং প্রতিটির সঙ্গে দুটি করে ম্যাগাজিন উদ্ধার করা হয়। এরপরই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করে রূপেশ কুমারকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, বিহারের পূর্ণিয়ার কাপতানপুরের এক ব্যক্তি তাকে অস্ত্রের চালানটি আগরতলায় নির্দিষ্ট এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিল। এই কাজের বিনিময়ে তাকে ছয় হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এর মধ্যে অগ্রিম হিসেবে এক হাজার টাকা দেওয়া হয়েছিল। অস্ত্রগুলি আগরতলায় পৌঁছে দেওয়ার পর বাকি পাঁচ হাজার টাকা পাওয়ার কথা ছিল বলে পুলিশকে জানিয়েছে রূপেশ।

উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং আগরতলায় কার কাছে সেগুলি পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই অস্ত্র পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন জিআরপি-র ওসি বিনোদ কলিতা।



