
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : শ্রীভূমিতে প্রতিমা নিরঞ্জন পর্বে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জড়িতদের বিরুদ্ধে পক্ষপাতহীন প্রশাসনিক পদক্ষেপের দাবি এখনও অধরা থাকায় আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টায় শিলচর বঙ্গভবনের অনন্ত দেব স্মৃতি সভাকক্ষে সুশীল সমাজের সভা ডেকেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি। বুধবার বরাকবঙ্গের এক বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নিয়ে আইনানুগ পদক্ষেপ নেবে এটা কাঙ্ক্ষিত হলেও শ্রীভূমিতে ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে। একদিকে নিরীহদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের, অমানবিক মারধর, অন্যদিকে যারা পরিস্থিতিকে মিথ্যা তথ্যে জটিল করে তুলেছে তাদের আড়াল করার ঘটনায় উদ্বেগ বাড়ছে। এই বিষয়টিকে সামনে রেখে বরাক উপত্যকার জনগণকে বাংলাদেশী আখ্যা দিয়ে একশ্রেণির লোক ক্রমাগত প্ররোচনা যুগিয়ে যাচ্ছে।

বুধবার ধৃতদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ায় বরাকবঙ্গ সন্তোষ ব্যক্ত করলেও নিরীহদের সুরক্ষার দাবিতে প্রবল জনমত গঠন আবশ্যক হয়ে দাঁড়িয়েছে বলে অভিমত ব্যক্ত করেছে। বরাকবঙ্গের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামীকালের সুশীল সমাজের সভায় প্রত্যেকের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন।




