বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : আগামীকাল বৃহস্পতিবার শিলচর পুর নিগমের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান। এই উপলক্ষে বুধবার আবাসন ও নগর বিষয়ক বিভাগের সচিব বি জীবন, কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল গুপ্তা এবং শিলচর পুরনিগমের কমিশনার অঙ্কুর দাশকে সঙ্গে নিয়ে মেয়র ও ডেপুটি মেয়রের কার্যালয় এবং শপথগ্রহণ অনুষ্ঠানস্থল রাজীব ভবন পরিদর্শন করেন নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। এ সময় তিনি অনুষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।

আগামীকালের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী। অনুষ্ঠান পরিচালনা থেকে শুরু করে অতিথিদের বসার ব্যবস্থা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়েও খোঁজখবর নেন তিনি।

পুরনিগম সূত্রে জানা গেছে, পার্ক রোডের রাজীব ভবনে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে। নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যের নগর ও আবাসন বিভাগের সিনিয়র সচিব ড. বি জীবন।

জানা গেছে, শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মোট ১২০০টি আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে। এর মধ্যে ৪২ জন কাউন্সিলরকে প্রত্যেককে ২০টি করে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। নিজেদের ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি তাঁদের সঙ্গীদের মধ্যে এই আমন্ত্রণপত্র বিলি করতে পারবেন কাউন্সিলররা। বাকি আমন্ত্রণপত্র পুরনিগম ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের সঙ্গে আমন্ত্রণপত্র নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে আমন্ত্রণপত্রই প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।



