বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : অধিকার ভোগের পাশাপাশি নাগরিক কর্তব্য পালনের গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করে তুলতে মঙ্গলবার হাইলাকান্দি সরকারি ভিক্টোরিয়া ম্যামরিয়েল হাইয়ার সেকেণ্ডারী স্কুলে অনুষ্ঠিত হলো ‘কর্তব্য সে বিকাশ’ শীর্ষক এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।
আসামের রাজ্যপালের বিশেষ উদ্যোগে এবং কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মেরা যুবা ভারত, হাইলাকান্দি শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজশ্রী সরকারের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সন্তোষ দে ও সমাজসেবী কনক লাল দেব।
সভায় সন্তোষ দে মেরা যুবা ভারতের বিভিন্ন কার্যক্রম এবং বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য ও স্বপ্ন সম্পর্কে ছাত্রছাত্রীদের বিস্তারিতভাবে অবহিত করেন। পাশাপাশি ভারতীয় সংবিধানে উল্লেখিত ছয়টি মৌলিক অধিকার ও এগারোটি মৌলিক কর্তব্যের তাৎপর্য এবং দৈনন্দিন জীবনে সেগুলির প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

অন্যদিকে, কনক লাল দেব তাঁর বক্তব্যে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজ ও দেশের প্রতি প্রত্যেকের কর্তব্য এবং দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

প্রধান শিক্ষিকা রাজশ্রী সরকার তাঁর বক্তব্যে বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা অর্জন করলেই চলবে না, সংবিধান সম্পর্কে জ্ঞান অর্জন এবং নিজেদের নাগরিক কর্তব্য সম্পর্কে সচেতন হওয়াও অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মসূচি পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও কর্তব্যবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হুজাইফা লস্কর। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
এছাড়াও পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুল, ইন্দ্র কুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ও লালা শিক্ষা খণ্ডের অন্তর্গত কিত্তারবন্দ হাইয়ার সেকেন্ডারি স্কুলে ও এমর্মে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।



