ভিতরগুল সীমান্তে বিএসএফের অভিযান, ইয়াবা উদ্ধার, আটক এক

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মাদক পাচারের আরও একটি চেষ্টা বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শ্রীভূমি জেলার জগন্নাথী বিওপির অধীন ভিতরগুল সীমান্ত এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি এক সন্দেহভাজন পাচারকারীকে আটক করেছেন বিএসএফের ১৭১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে গতকাল গভীর রাতে ভিতরগুল সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি শুরু করেন বিএসএফ জওয়ানরা। অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কাঁটাতারের বেড়া অতিক্রম করে ইয়াবার চালান বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করেছিল পাচারকারীরা। সেই সময় অভিযান চালিয়ে আজাদ উদ্দিন ওরফে বোধন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

তাঁর সঙ্গে থাকা একটি পুঁটলিতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো মোট ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিএসএফের পক্ষ থেকে শ্রীভূমি সদর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্য জব্দ করে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, বাংলাদেশে কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনও বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এনডিপিএস আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সীমান্ত দিয়ে বারবার মাদক পাচারের চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের মতে, শুধু বাহককে আটক করলেই হবে না, এই অবৈধ কারবারের পিছনে থাকা মূল চক্রকেও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বিএসএফের এই অভিযানে বড়সড় পাচারের চেষ্টা ব্যর্থ হলেও সীমান্তে মাদক পাচার রুখতে নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *