কাটিগড়ায় দিনদুপুরে নাবালিকাকে অপহরণের চেষ্টা, মাকে দা দিয়ে কোপানোর হুমকি, আটক অভিযুক্ত

Spread the news

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : কাটিগড়া থানা এলাকার এক বসতবাড়িতে দিনদুপুরে প্রবেশ করে এক নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় বাধা দিতে গেলে নাবালিকার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশের তৎপরতায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম অনুপম দাস (২১)। তার বাড়ি কাটিগড়া থানার অন্তর্গত তেলিটিকর প্রথম খণ্ড এলাকায়। অভিযোগ অনুযায়ী, সোমবার সকাল আনুমানিক ৯টা নাগাদ অনুপম ওই নাবালিকার বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নাবালিকার মা বাধা দিতে গেলে অভিযুক্ত তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ।

ঘটনার পর নাবালিকার মা কাটিগড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অনুপম দাসকে আটক করে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।

দিনদুপুরে বাড়িতে ঢুকে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ এবং তার মাকে প্রাণনাশের হুমকির ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাবালিকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *