
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : ধলাই বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে চুরি, বিশেষ করে গবাদিপশু চুরির ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। এরই মধ্যে ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ধলাইয়ের ভুবনধর চা বাগান এলাকায়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় চুরি করতে আসা তিন যুবক আটক হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া দু’টি ছাগল এবং একটি অটো গাড়ি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুবনধর চা বাগান এলাকার বাসিন্দা জঙ্কু তাঁতির বাড়িতে রবিবার সকালে ছাগল চুরি করতে আসে কয়েকজন যুবক। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই অভিযুক্তরা ছাগল বোঝাই অটো গাড়ি (AS 11 EC 0934) নিয়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দারা তাদের পিছু ধাওয়া করে কাবুগঞ্জের পার্শ্ববর্তী এলাকায় পৌঁছে অটোসহ দু’টি ছাগল উদ্ধার করেন। এ সময় শিলচরের রংপুর এলাকার তিন যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন প্রসেনজিৎ পাল (২৯), প্রণয় দাস (১৯) এবং রোহিত দাস (১৮)। তাদের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরবর্তীতে আটক তিন যুবককে উদ্ধার হওয়া ছাগল ও অটোসহ ভুবনধর চা বাগানে নিয়ে আসা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তাঁদের ধলাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, কয়েক দিন আগে ওই এলাকায় অবস্থিত হনুমান মন্দির ও কালীমন্দিরেও চুরির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি গরু ও ছাগল চুরির ঘটনাও বেড়ে চলেছে। পরপর এমন ঘটনায় ভুবনধরসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা ও পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



