
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : শ্রীভূমি শহরে গত ২৩ অক্টোবর দুর্গাপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে সরব হলেন বাজারিছড়ার সুশীল সমাজের প্রতিনিধিরা। ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার হওয়া নির্দোষ ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবিতে শনিবার শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের উদ্যোগ নেওয়া হয়। তবে পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে নির্ধারিত মিছিল অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে সন্ধ্যায় বাজারিছড়া শহিদ বেদির সামনে সমবেত হয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
প্রতিবাদকারীরা বলেন, বিসর্জনকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। প্রকৃত সত্য উদঘাটন না করে কোনও নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা কিংবা কারাগারে আটকে রাখা কখনও কাম্য নয়। তাই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে যাঁরা নির্দোষ, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান তাঁরা।

এদিন বরাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষকে নিয়ে বিভিন্ন মহল থেকে করা আপত্তিকর মন্তব্যেরও তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, বরাকের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির সঙ্গে বাংলা ভাষা ওতপ্রোতভাবে জড়িত। কোনও বিচ্ছিন্ন ঘটনা কিংবা ব্যক্তিবিশেষের অপরাধের দায় একটি বৃহত্তর ভাষাগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এ ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

প্রতিবাদকারীদের বক্তব্য, অপরাধের বিচার হবে আইনের ভিত্তিতে। নির্দোষ ব্যক্তিরা যেন অন্যের অপরাধের দায়ে শাস্তি না পান, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের পরিচয় বা সামাজিক অবস্থান নির্বিশেষে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, এই প্রতিবাদ কোনও সম্প্রদায় বা ভাষাগোষ্ঠীর বিরুদ্ধে নয়। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা, নির্দোষদের মুক্তি এবং মানুষের মর্যাদা রক্ষার দাবিতেই এই কর্মসূচি। সবশেষে বরাক উপত্যকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে প্রশাসনসহ সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।



