
বরাক তরঙ্গ ৩১ অক্টোবর : শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় রেলপথের জন্য ২০১৬ সালের ৯ নভেম্বর হাইলাকান্দির গণঅভিবর্তনে গৃহীত ‘চন্দ্রনাথপুর-লঙ্কা’ রেলপথের দাবিই বহাল থাকবে। রেল বিভাগের পক্ষ থেকে যথাযথ সরকারি রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত এই দাবিতে কোনও পরিবর্তন করা হবে না। সম্প্রতি কমিটির তিন আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য, অজয় রায় ও সুশীল পাল এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২৮ অক্টোবর করিমগঞ্জের প্রশান্তি লজে শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির বর্ধিত কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। কমিটির প্রবীণ সদস্য হরিদাস দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দ্বিতীয় রেলপথের গতিপথ নিয়ে বিভিন্ন মহলে উত্থাপিত প্রশ্ন ও দ্বন্দ্বের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। বরাক উপত্যকায় ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনার পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির বক্তব্য, দ্বিতীয় রেলপথের বিষয়ে রেল বিভাগের পক্ষ থেকে এখনও কোনও সরকারি সার্ভে রিপোর্ট কিংবা বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রকাশ করা হয়নি। তাই কারও কোনও বক্তব্যের ভিত্তিতে সংগ্রাম কমিটি তার দীর্ঘদিনের দাবি পরিবর্তন করতে পারে না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০০৯ সাল থেকে শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি রেল যোগাযোগের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। গত ২৯, ৩০ ও ৩১ আগস্ট যথাক্রমে হাইলাকান্দি, করিমগঞ্জ ও শিলচরে চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথের দাবিতে গণধর্না কর্মসূচি পালন করার সময় রেলপথের গতিপথ নিয়ে বিভিন্ন প্রশ্ন সামনে আসে।

শেষে কমিটির আহ্বায়করা বরাক উপত্যকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান, দ্বিতীয় রেলপথের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে যাতে কোনও বিভেদ বা সমস্যা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে এই দাবিকে বাস্তবায়িত করতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।



