বিলাস ইন হত্যাকাণ্ড: ধেমাজি থানায় হাজির ঘনকান্ত গগৈয়ের স্ত্রী জোনমণি, সঙ্গে আইনজীবী

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : গুয়াহাটির হোটেল বিলাস ইন-এ সংঘটিত ভয়াবহ গুলিচালনার ঘটনায় অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের স্ত্রী জোনমণি গগৈ শনিবার সকালে ধেমাজি থানায় হাজির হন। তাঁকে খুঁজতে পুলিশের তল্লাশি অভিযান শুরু হওয়ার পরই এদিন সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হন জোনমণি।

জোনমণির আইনজীবী জানান, পুলিশের তলবের কারণেই তিনি থানায় হাজির হয়েছেন। তবে ঘনকান্ত গগৈয়ের আইনজীবীর দাবি, জোনমণি আত্মসমর্পণ করেননি। তাঁর বক্তব্য, আত্মসমর্পণ করেন অপরাধীরা। পাশাপাশি, জোনমণি গগৈয়ের জীবনের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, হোটেল বিলাস ইন হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর চার্জশিট দাখিল করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ঘনকান্ত গগৈয়ের আইনজীবী। তাঁর মতে, চার্জশিট যত কঠোর হবে, অভিযুক্তের পক্ষে তত ভালোভাবে আইনি লড়াই চালানো সম্ভব হবে।

উল্লেখ্য, এর আগে হত্যাকারী রামানুজ গোস্বামীর হয়ে আদালতে সওয়াল করেছিলেন ঘনকান্তের বর্তমান আইনজীবী। রামানুজের হত্যাকাণ্ডের সময় ঘনকান্তের স্ত্রী জোনমণি ওই আইনজীবীকে দেখেছিলেন বলে জানা গেছে। সেই সূত্রেই তিনি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন।

এদিকে, গুয়াহাটি মহানগর পুলিশের হেফাজতে থাকা ঘনকান্ত গগৈয়ের জিজ্ঞাসাবাদের পঞ্চম দিন চলছে। লতাশিল থানায় তাঁকে দফায় দফায় জেরা করছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। জেরায় ঘনকান্ত বারবার দাবি করছেন, আত্মরক্ষার জন্যই তিনি গুলি চালিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *