
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : মাদক পাচারবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল চুরাইবাড়ি পুলিশ। অনলাইন পণ্য পরিবহনের আড়ালে ত্রিপুরায় পাচারের চেষ্টা চলছিল বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত নেশাজাতীয় কফ সিরাপ। গোপন কৌশলে সাধারণ পণ্যসামগ্রীর কার্টুনের মধ্যে লুকিয়ে রাখা ৩০৮ বোতল কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক এনাম উদ্দিন লস্কর (৩৬)-কে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া কফ সিরাপের কালোবাজারি মূল্য তিন লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিলচর থেকে AS-01-UC-9549 নম্বরের আরাধ্যা ট্রান্সপোর্ট এজেন্সির একটি চার চাকার পণ্যবাহী গাড়ি বিভিন্ন সামগ্রী নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছলে কর্তব্যরত পুলিশকর্মীদের সন্দেহ হয়। এরপর গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে গাড়িটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় অনলাইন পণ্যসামগ্রীর কার্টুনের আড়ালে রাখা চারটি কার্টুন থেকে মোট ৩০৮ বোতল কোডিন ফসফেটযুক্ত নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিষিদ্ধ এই সামগ্রীগুলি অবৈধভাবে শিলচর থেকে সংগ্রহ করে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

এই ঘটনায় গ্রেফতার হওয়া চালক এনাম উদ্দিন লস্করের বাড়ি হাইলাকান্দি জেলার লালা এলাকার কালাছড়া গ্রামে। উদ্ধার হওয়া কফ সিরাপ বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে চুরাইবাড়ি পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ধৃতকে জেলা মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।


