বরাকবঙ্গের দূরশিক্ষা কেন্দ্রের বাংলা ডিপ্লোমা কোর্সের দশম নবীনবরণ উৎসব রবিবার

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পরিচালিত দূরশিক্ষা কেন্দ্রের এক বছরের বাংলা ডিপ্লোমা কোর্সের দশম শিক্ষাবর্ষের সূচনা হচ্ছে আগামী রবিবার। এ উপলক্ষে শিলচর, শ্রীভূমি ও হাইলাকান্দির তিনটি পাঠকেন্দ্রে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে নবাগত পড়ুয়াদের বরণ করে নেওয়া হবে। নতুন শিক্ষাবর্ষে রাজ্যের দুই উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি হওয়া পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

শিলচরের বঙ্গভবনে রবিবার বেলা ১১টায় নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। তিনি নবাগত পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দূরশিক্ষা কেন্দ্রের আচার্য বিভাস রঞ্জন চৌধুরী।

শ্রীভূমিতে বেলা সাড়ে ১২টায় রবীন্দ্র সদন গার্লস কলেজ পাঠকেন্দ্রে নবীনবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ মৃণাল কান্তি ভট্টাচার্য। সভাপতিত্ব করবেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সভাপতি সতু রায়।

অন্যদিকে, হাইলাকান্দির উইমেন্স কলেজে বেলা ১১টায় নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও লেখক সুব্রত পুরকায়স্থ। সভাপতিত্ব করবেন কলেজের অধ্যক্ষ নন্দিনী দাস ধর।

শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার নবাগত পড়ুয়াদের নিজ নিজ জেলার সদর শহরের পাঠকেন্দ্রে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যদের শিলচরের বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে অসম সরকারের শিক্ষা বিভাগের অনুমোদিত পাঠ্যক্রম অনুসারে এক বছরের বাংলা ডিপ্লোমা কোর্স পরিচালনা করে আসছে বরাকবঙ্গের দূরশিক্ষা কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যের দুই উপত্যকার বিভিন্ন ভাষাভাষী প্রায় দেড় হাজার পড়ুয়া এই কেন্দ্র থেকে উত্তীর্ণ হয়েছেন। তাঁদের অধিকাংশই বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন।

চলতি দশম শিক্ষাবর্ষে রাজ্যের দুই উপত্যকার বিভিন্ন ভাষাভাষী আবেদনকারীদের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৭৫২ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। আধুনিক পাঠ্যক্রমের মাধ্যমে বাংলা ভাষা শিক্ষার সুযোগ তৈরি করে এই কেন্দ্র আগ্রহী পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

রবিবার শিলচর, শ্রীভূমি ও হাইলাকান্দির তিনটি পাঠকেন্দ্রে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বাংলা ভাষাপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দূরশিক্ষা কেন্দ্রের অবৈতনিক নিবন্ধক ড. সব্যসাচী রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *