অসম-মিজোরাম সীমান্ত উৎসব, বন্ধুত্বের সেতুবন্ধনই হোক দুই রাজ্যের পরিচয়

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : প্রশাসনিক সীমানা যেন দুই প্রতিবেশী রাজ্যের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও সহযোগিতার পথে বাধা হয়ে না দাঁড়ায়। পারস্পরিক আস্থা, সাংস্কৃতিক আদানপ্রদান এবং সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বানের মধ্য দিয়ে শুক্রবার মিজোরামের ভাইরেংতেতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত উৎসব।

অসম ও মিজোরাম সরকারের যৌথ উদ্যোগে এবং কাছাড় ও কলাসিব জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসবে দুই রাজ্যের জনপ্রতিনিধি, প্রশাসনিক ও পুলিশ আধিকারিক, ক্রীড়াবিদ এবং সাংস্কৃতিক দলের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজোরাম বিধানসভার উপাধ্যক্ষ তথা কলাসিবের বিধায়ক লালফামকিমা বলেন, প্রশাসনিক সীমানা কখনও বন্ধুত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থানের অন্তরায় হওয়া উচিত নয়। সংস্কৃতি, ক্রীড়া, বাণিজ্য এবং কৃষিক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দুই রাজ্যের প্রশাসন ও পুলিশকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তিনি।

অসমের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাস। তিনি বলেন, এ ধরনের উৎসব দুই রাজ্যের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের ঐক্য ও উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা সীমান্ত সংক্রান্ত সমস্যার সমাধানে সংঘাতের পরিবর্তে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার উপর গুরুত্ব দেন। অন্যদিকে, কোলাসিবের পুলিশ সুপার লালরিনপুইয়া ভার্তে মাদক পাচারসহ অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে দুই রাজ্যের পুলিশের সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল দুই অঞ্চলের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা এবং ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল প্রতিযোগিতা। পাশাপাশি স্থানীয় উৎপাদিত সামগ্রী, ক্ষুদ্র উদ্যোগ ও স্বনির্ভর গোষ্ঠীর পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

দিনভর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হয়। অসম ও মিজোরামের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *