বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : কৃষক নিবন্ধন প্রক্রিয়ায় গাফিলতি ও ক্ষেত্রপর্যায়ের কাজে অনুপস্থিত থাকার অভিযোগে হাইলাকান্দি কৃষি বিভাগের পাঁচ আধিকারিককে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার হাইলাকান্দিতে কৃষি বিভাগের পর্যালোচনা বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের কৃষি ও জলসেচমন্ত্রী পীযূষ হাজরিকা। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড করা হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।
নোটিশপ্রাপ্ত আধিকারিকরা হলেন আকাশদীপ খারিগাপছা, রাজিবুল হক মোল্লা, প্রিয়ংকু মজুমদার, আদিত্য বেজবরুয়া ও মাধুর্য হাজরিকা।

মন্ত্রী জানান, গত দু’দিন ধরে ওই পাঁচ আধিকারিক ক্ষেত্রপর্যায়ের কাজে অনুপস্থিত ছিলেন। তাঁদের অনুপস্থিতির কারণে জেলায় কৃষক নিবন্ধন প্রক্রিয়া ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, আগের দিন হাইলাকান্দিতে মাত্র ১২ জন কৃষকের নিবন্ধন সম্পন্ন হয়েছিল। পরের দিন সেই সংখ্যা আরও কমে দাঁড়ায় মাত্র আটে। এই পরিস্থিতিতে কৃষি বিভাগের কাজকর্ম নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এদিন হাইলাকান্দি আবর্ত ভবনে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কৃষকদের কোনও অবস্থাতেই হয়রানির মুখে পড়তে দেওয়া হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

জেলায় সার বহির্রাজ্যে পাচার হওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
হাইলাকান্দি কৃষি বিভাগের অচলাবস্থা কাটিয়ে দ্রুত স্বাভাবিক কাজকর্ম শুরু করার ওপর গুরুত্ব আরোপ করেন পীযূষ হাজরিকা। পাশাপাশি কৃষকদের সমস্যা সমাধান করে তাঁদের মুখে হাসি ফোটাতে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।



