মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে শ্রীভূমি জেলাজুড়ে ফের জোরদার অভিযান চালাল পুলিশ। রাজ্য সরকারের নির্দেশে সোমবার রাতে জেলার সাতটি থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে। এর মধ্যে বাজারিছড়া থানায় ছয়জন এবং পাথারকান্দি থানায় দুজন রয়েছেন। বাজারিছড়ায় ধৃতদের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাজারিছড়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে বাবা ও ছেলেও রয়েছেন। মঙ্গলবার তাঁদের শ্রীভূমি জেলা মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে আদালতের অনুমতিক্রমে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

অন্যদিকে, পাথারকান্দি থানার ওসি বিশ্বজ্যোতি দেউরির নেতৃত্বে পৃথক অভিযানে মদুরবন্ধ গ্রামের এবং কাবাড়িবন্ধ গ্রামের দু’জনককে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলার অন্যান্য থানার মধ্যে শ্রীভূমি থানায় চারজন, রামকৃষ্ণনগরে চারজন, রাতাবাড়িতে ১১ জন, পাথারকান্দিতে দু’জন, নিলামবাজারে দুজন এবং বদরপুরে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, সাত থানায় মোট গ্রেফতারের সংখ্যা ৩২।

উল্লেখ্য, বাল্যবিবাহের ফলে অপ্রাপ্তবয়স্কদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয়। বিশেষ করে কিশোরীদের অকাল মাতৃত্বসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে হয়।
বাল্যবিবাহ নির্মূলে পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপ এবং সামাজিক সহযোগিতার মাধ্যমেই বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।



