বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক কঠোর নির্দেশ জারি করল সিজেএম আদালত। অভিযুক্তের আইনজীবীর পক্ষ থেকে আদালতে নিরাপত্তা চেয়ে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই অভিযুক্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, ঘনকান্ত গগৈকে থানার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে তাঁর সঙ্গে ডিএসপি পদমর্যাদার একজন আধিকারিককে থাকতে হবে। পাশাপাশি, পুলিশি হেফাজত থেকে অভিযুক্ত পালিয়ে গেলে তার দায়ভার সংশ্লিষ্ট ডিসিপির উপর বর্তাবে বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত নির্দেশে সময়ের বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে অভিযুক্তকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। তবে বিশেষ পরিস্থিতিতে রাতের অন্ধকারে বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
এ ছাড়া, পুলিশি হেফাজতে থাকাকালীন অভিযুক্তের উপর কোনও ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন চালানো যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তের শারীরিক অবস্থার উপর নজর রাখতে প্রতি ২৪ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করতে হবে।

উল্লেখ্য, ঘনকান্ত গগৈয়ের নিরাপত্তা নিয়ে তাঁর আইনজীবীর আবেদনের ভিত্তিতেই এই নির্দেশগুলি জারি করা হয়েছে। অভিযুক্তের নিরাপত্তা ও হেফাজত সংক্রান্ত বিষয়ে আদালতের এই কড়া অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



