শ্রীভূমির অনভিপ্রেত ঘটনার নিন্দা রূপমের

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : শ্রীভূমিতে বিজয়া দশমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে বিহু শিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শিলচরের সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা ‘রূপম’। ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দোষীদের আইনানুগ শাস্তি প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।

এ প্রসঙ্গে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল এক বিবৃতিতে বলেন, বরাক উপত্যকায় বাঙালি, অসমীয়া-সহ বিভিন্ন জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। দুর্গাপূজা-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একে অপরের ভাষা, সংগীত ও সংস্কৃতিকে সাদরে গ্রহণ করার ঐতিহ্য বরাক উপত্যকার সামাজিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য। বিজয়া দশমীর শোভাযাত্রায় বিহু সংগীত ও নৃত্যের পরিবেশনাও এই সাংস্কৃতিক মেলবন্ধনেরই পরিচায়ক।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে সমগ্র বরাক উপত্যকা কিংবা কোনও নির্দিষ্ট জনগোষ্ঠীকে দোষারোপ করা কখনওই সমীচীন নয়। একইভাবে, সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য, গালিগালাজ ও উসকানিমূলক বক্তব্য প্রচার করাও কাম্য নয়। এ ধরনের আচরণ পারস্পরিক অবিশ্বাস ও বিভেদ বাড়িয়ে তুলতে পারে।

রূপমের পক্ষ থেকে অসমীয়া ভাই-বোনদের প্রতি সংযম ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। কোনও ধরনের প্ররোচনায় পা না দিয়ে আইন ও প্রশাসনের ওপর আস্থা রাখার পাশাপাশি কোনও ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় সমগ্র জনগোষ্ঠীর ওপর চাপিয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, ভাষা ও সংস্কৃতির প্রকাশভঙ্গিতে পার্থক্য থাকলেও শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক মর্যাদা রক্ষার দায়িত্ব সকলের। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে রূপম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *