বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : শ্রীভূমি জেলায় দুর্গোৎসবের সময় একটি বিহু দলের শিল্পীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলা সাহিত্য সভা, অসম। সংগঠনটির মতে, এই ধরনের আক্রমণ অত্যন্ত ঘৃণনীয় এবং সমাজ ও সংস্কৃতির পক্ষে ক্ষতিকর। এ ধরনের ঘটনা বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সমন্বয়ের পরিবেশকে বিঘ্নিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

বাংলা সাহিত্য সভা, অসমের সভাপতি খগেনচন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী এক বিবৃতিতে জানিয়েছেন, বিহু, দুর্গাপূজা, ধামাইল কিংবা ঝুমুর—সংস্কৃতির কোনও নির্দিষ্ট ভূগোল বা ভাষা নেই। সংস্কৃতি চিরন্তন নদীর মতো, যা মানুষকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে।
বিবৃতিতে আরও বলেন, অসমিয়া ও বাংলা—উভয় ভাষাই ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করেছে। বিহু গান ও নৃত্য অসমের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ড. ভূপেন হাজরিকা ও হেমাঙ্গ বিশ্বাসের সাংস্কৃতিক মেলবন্ধনের ঐতিহ্য এবং শ্রীভূমিতে শিল্পী জুবিন গর্গের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিবাহিত হওয়ার প্রসঙ্গ তুলে ধরে সংগঠনটি সম্প্রীতি ও সাংস্কৃতিক সমন্বয়ের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিহু দলের ওপর হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলা সাহিত্য সভা। পাশাপাশি আহত শিল্পীদের উপযুক্ত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বরাক উপত্যকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রতি ভেদাভেদ ও বিভেদকামী মানসিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানানো হয়েছে। সংগঠনটির মতে, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার মধ্য দিয়েই অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব।



