২৫ অক্টোবর : দিনভর নজরদারি চলছে সীমান্তে। সন্ধ্যা নামতেই বিএসএফ জওয়ানদের গতিবিধি আরও বেড়েছে। ‘নাইট ভিশন’ ক্যামেরায় চোখ রাখা হয় ওয়াচ টাওয়ার থেকে। আকাশে ড্রোন ওড়ে। এই কড়াকড়িতে চোরাকারবারীদের ‘ত্রাহি রব’ উঠেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এখন বালি-পাথর চুরি করতে কাঁটাতার পেরোচ্ছেন বাংলাদেশিরা! তা করতে গিয়ে শনিবার বিকেলে কোচবিহারে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র উপরে হামলা চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। আত্মরক্ষার্থে বিএসএফ-ও পাল্টা গ্রেনেড ছুড়েছে।
স্থানীয় সূত্রে খবর, মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতারের ও পারে সানিয়ানজান নদীতে ঘটনাটি ঘটে। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে নদী থেকে বালি-পাথর তোলার চেষ্টা করছিলেন কয়েক জন বাংলাদেশি। নজরে আসা মাত্রই তাঁদের চলে যেতে বলে বিএসএফ। অভিযোগ, সেই সময়েই লাঠিসোঁটা নিয়ে বিএসএফ জওয়ানদের উপরে হামলা চালানো হয়। ঢিল-পাথর ছোড়া হয় জওয়ানদের লক্ষ্য করে। এর পরেই আত্মরক্ষার্থে গ্রেনেড ছোড়েন জওয়ানরা। এর পরেই অনুুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যান বলে খবর বিএসএফ সূত্রে। যদিও এই ঘটনা নিয়ে বিএসএফ-এর তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
খবর : এইসময় অনলাইন।





