দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : নদীর পাড়ে পড়ে রয়েছে একজোড়া চটি, কিন্তু খোঁজ নেই তার মালিকের। সোনাই নদীর তীরে এই দৃশ্যকে কেন্দ্র করে পূর্ব ধলাইয়ের চেকারচাম এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। নিখোঁজ গৃহবধূ অঞ্জুনা বর্মনের সন্ধানে উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা নাগাদ নিখোঁজ হন অঞ্জুনা বর্মন। নদীর পাড়ে তাঁর চটি পড়ে থাকতে দেখে সন্দেহের সৃষ্টি হয়। এরপরই তাঁকে খুঁজতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে SDRF-এর উদ্ধারকারী দল।

নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনও সন্ধান মেলেনি। তিনি নদীতে তলিয়ে গিয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। কীভাবে তিনি নিখোঁজ হলেন, সেই বিষয়টিও স্পষ্ট হয়ে ওঠেনি।
এদিকে, অঞ্জুনা বর্মনের সন্ধানে উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে পরিবারের সদস্যদের। প্রিয়জনের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন তাঁরা। অন্যদিকে, নিখোঁজ গৃহবধূর সন্ধানে সোনাই নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



