বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : শিলচরের অম্বিকাপট্টিতে মহানবমীর রাতে নিগ্রহের শিকার হওয়ার অভিযোগ তোলা সাংবাদিক রাহুলকান্তি দেব তাঁর বিরুদ্ধে ‘অম্বিকাপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি’র পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। শুক্রবার শিলচরের ইলোরা হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্য তুলে ধরে তিনি অভিযোগগুলির তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং সুবিচারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, মহানবমীর রাতে শিলচরের অম্বিকাপট্টিতে সাংবাদিক রাহুলকান্তি দেব নিগ্রহের শিকার হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় বুধবার শিলচর সদর থানায় এজাহার দায়ের করেন তিনি। এরপর অভিযুক্ত অজয় রায়ের পক্ষ নিয়ে কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন বলে সাংবাদিক সম্মেলনে জানান রাহুলকান্তি দেব। তাঁর দাবি, ওই অভিযোগগুলির কোনও ভিত্তি নেই এবং তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে রাহুলকান্তি দেব আরও বলেন, সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে শিলচর পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পারমিতা চন্দ গুপ্তও এই ঘটনায় নিজেকে জড়িয়েছেন। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।
একজন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে নিজের সম্মান রক্ষা এবং ন্যায়বিচার পাওয়ার স্বার্থে তিনি এই বিষয়ে সুবিচার চান বলে জানান রাহুলকান্তি দেব। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির যথাযথ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা জনসমক্ষে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তিনি।



