বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : দুর্গাপুজোর আনন্দের আবহে আতঙ্ক ছড়াল বিশালগড়ের পুরাতন রাজনগর বাজারের একটি পুজো মণ্ডপে। মঙ্গলবার গভীর রাতে পিস্তল নিয়ে মণ্ডপে তাণ্ডব চালানো ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর গণধোলাইয়ে দুই অভিযুক্ত আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এক যুবক পিস্তল নিয়ে পুজো মণ্ডপে প্রবেশ করে প্লাস্টিকের চেয়ার ভাঙচুর শুরু করে। পাশাপাশি উপস্থিত দর্শনার্থীদের ভয় দেখানোরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবক ও তার সহযোগী ময়নাল হোসেন ওরফে শিপনকে আটক করেন। এরপর ক্ষুব্ধ জনতা তাঁদের মারধর করে বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মধুপুর থানার পুলিশ। মধুপুর থানার ওসি উজ্জ্বল চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আহত দুই অভিযুক্তকে উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পুজো মণ্ডপে কী কারণে এই ঘটনা ঘটল এবং এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পুজো মণ্ডপ ও সংলগ্ন এলাকায় সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হয়।



