বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : গুয়াহাটি মহানগরির এটা ভাড়াঘর থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হেঙেরাবাড়ির নেহা অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে যুবতী ডলি কাশ্যপের মৃতদেহ। তাঁর বাড়ি শুয়ালকুচিতে বলে জানা গিয়েছে। ডলি গুয়াহাটির একটি বিমা সংস্থায় কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিসপুর পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত বিশ্বনাথ দাস ICICI বিমা সংস্থার উত্তর-পূর্বাঞ্চলের ম্যানেজার বলে জানা গিয়েছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এ দিকে, মৃত যুবতীর বোনের দাবি, শনিবার বাড়িতে ফোন করে ডলি রবিবার বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন। কিন্তু রবিবার তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। সোমবারও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এরপর পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করেন। পরিবারের বক্তব্য অনুযায়ী, গুয়াহাটি শাখার এক কর্মী সেখানে গিয়েছিলেন এবং ঘরটি ভিতর থেকে বন্ধ থাকার কথা জানান। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
ডলির বোনের অভিযোগ, “ডলি এমন কাজ করতে পারে, তা কখনও সম্ভব নয়। এটি একটি হত্যাকাণ্ড। আমরা বিশ্বনাথ দাস নামে এক ব্যক্তিকে সন্দেহ করছি। আমরা ন্যায়বিচার চাই।”
তবে ঘটনাটি খুন কি না, তা তদন্তসাপেক্ষ। পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।



