রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে বরাক উপত্যকা তথা কাছাড় জেলার গ্রামাঞ্চল ও শিলচর শহরজুড়ে দেখা গেল উৎসবের উন্মাদনা। দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন সর্বস্তরের মানুষ। সোমবার মহাষ্টমীর রাতে শিলচর শহরের বিভিন্ন পুজোমণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
শহরের প্রতিটি পুজোমণ্ডপে দুর্গাপ্রতিমা দর্শনের জন্য ভিড় জমান অসংখ্য মানুষ। শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন পুজোমণ্ডপে নজরকাড়া আলোকসজ্জা ও আকর্ষণীয় সাজসজ্জা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে। সন্ধ্যা নামতেই মণ্ডপগুলিতে দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে।

শিলচর শহরের উল্লেখযোগ্য বিগ বাজেটের পুজোগুলির মধ্যে রয়েছে বিলপার শংকরদিঘি আপনজন দুর্গাপুজো কমিটি, তারাপুর রেলস্টেশন দুর্গাপুজো কমিটি, সোনাই রোড তরুণ ক্লাব দুর্গাপুজো কমিটি, নুতন কাঞ্চনপুর সরকারপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবং অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপুজো কমিটি-সহ আরও বেশ কয়েকটি পুজোমণ্ডপ। প্রতিটি মণ্ডপেই আলোকসজ্জা ও প্রতিমার অপরূপ সাজ দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

দর্শনার্থীদের আনন্দ দিতে বিভিন্ন পুজো কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। পুজোর আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াতে দেখা যায় বহু মানুষকে।

অন্যদিকে, পুজোর দিনগুলিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন ও পুলিশ বিভাগ। একই সঙ্গে আইন মেনে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সব মিলিয়ে, মহাষ্টমীর রাতে আলোকসজ্জা, প্রতিমা দর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে শিলচর শহর।



