বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসআইইউ) থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করল মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ছেলে নন্দিল। ছেলের এই সাফল্যে গর্ব ও আবেগে আপ্লুত মুখ্যমন্ত্রী। শনিবার সকালে নন্দিলের ডিগ্রি অর্জনের মুহূর্তকে জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন তিনি।
এক আবেগঘন বার্তায় মুখ্যমন্ত্রী জানান, নন্দিলের এই সাফল্য তাঁর কাছে শুধু আনন্দের বিষয় নয়, বরং অসংখ্য স্মৃতিতে ঘেরা এক বিশেষ মুহূর্ত। কখন যে ছেলে বড় হয়ে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এক তরুণে পরিণত হয়েছে, তা যেন বুঝতেই পারেননি তিনি।
মুখ্যমন্ত্রী জানান, একসময় ক্ল্যাট (CLAT) পরীক্ষার প্রস্তুতির জন্য এক বছর বিরতি নেওয়ার সিদ্ধান্তের কথা নন্দিল তাঁকে ও রিণিকিকে জানিয়েছিল। একজন পিতা হিসেবে সেই সময় তাঁর মনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছিল। তবে ক্ল্যাট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৪০তম স্থান অর্জন করে নন্দিল নিজের সিদ্ধান্তের প্রতি পরিবারের আস্থা আরও দৃঢ় করে তোলে।

নিজের লক্ষ্যে অবিচল থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে নন্দিল আজকের এই সাফল্য অর্জন করেছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, সন্তানদের জীবনের পথ দেখাতে বাবা-মায়েরা বছরের পর বছর চেষ্টা করেন। কিন্তু একটা সময় সন্তানরাই তাঁদের শেখায় আত্মবিশ্বাসের প্রকৃত অর্থ, ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার সাহস এবং নিজের পথ নিজে বেছে নেওয়ার আনন্দ।
ছেলের সাফল্যে গর্ব প্রকাশ করে মুখ্যমন্ত্রী নন্দিলকে অভিনন্দন জানান। পাশাপাশি জীবনের আগামী অধ্যায় আত্মবিশ্বাস, সততা ও মানবিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। নন্দিলের স্বপ্ন তাকে সাফল্যের পথে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলেও আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
নন্দিলের এই সাফল্য তাঁর জীবনের এক নতুন যাত্রার সূচনা বলে উল্লেখ করে ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ড. হিমন্ত বিশ্ব শর্মা।



