নলবাড়ি থেকে বিজেপির রাজ্যব্যাপী ‘জন জাগরণ মিছিল’-এর সূচনা
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : অসম প্রদেশ বিজেপি মঙ্গলবার নলবাড়ি থেকে রাজ্যব্যাপী ‘জন জাগরণ মিছিল’ কর্মসূচির সূচনা করেছে। কংগ্রেস ও ইন্ডি ব্লক (INDIA Bloc) আন্দোলন, রাজনৈতিক প্ররোচনা এবং দেশের বিচারব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ এনে বিজেপি এই কর্মসূচি হাতে নিয়েছে।
ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে কংগ্রেস যখন ব্যাপক প্রতিবাদ অব্যাহত রেখেছে, ঠিক সেই সময় এবার কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। এই কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শৈকীয়া বলেন, “সমগ্র দেশে কংগ্রেস, একাংশ বামপন্থী দল এবং কিছু বিদেশী শক্তি দেশকে অস্থির করে তোলার চেষ্টা চালাচ্ছে। এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে আজ দেশের মানুষ সচেতন হয়ে উঠেছেন। তাঁদের এজেন্ডা, অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিহত করে নস্যাৎ করতে দেশের যুবসমাজ, বিশেষ করে নলবাড়ির জনগণ এগিয়ে এসেছেন।”

নলবাড়িতে অনুষ্ঠিত এই গণসমাবেশে রাজ্য বিজেপি সভাপতি তথা সংসদ সদস্য দিলীপ শইকিয়া, রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, বর্ষীয়ান নেতা চন্দ্রমোহন পাটোয়ারী এবং বিধায়ক নারায়ণ ডেকাসহ হাজার হাজার দলীয় কর্মী ও যুবপ্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া বিজেপির এই ‘জন জাগরণ মিছিল’ কর্মসূচি ৩১ অক্টোবর পর্যন্ত সমগ্র অসমজুড়ে পালন করা হবে। অন্যদিকে, ১৪ অক্টোবর গুয়াহাটিতে এই কর্মসূচি রূপায়ণ করবে অসম প্রদেশ বিজেপি।



