১৪ অক্টোবর : মীরাটের মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতের হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মুসকান ও তার প্রেমিক সাহিল শুক্লাকে ফাঁসির সাজা শোনাল জেলা আদালত। ১২৬টি শুনানি ও ২২ জনের সাক্ষ্যদানের পর সপ্তাহদুয়েক আগে মুসকান-সাহিলকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। অবশেষে বুধবার হল সাজা ঘোষণা।
অভিযোগ, গত ৪ মার্চ প্রেমিক সাহিল শুক্লার সহযোগিতায় সৌরভকে খুন করে মুসকান। তারপর তাঁর দেহ ১৫ টুকরো করে ড্রামে লুকিয়ে রাখে। পরে পুলিশকে মুসকান বলে, ২০২১ সালেই সৌরভের সঙ্গে তার ডিভোর্সের মামলা শুরু হয়ে গিয়েছিল। তখনও সাহিলের সঙ্গে ঘনিষ্ঠতা হয়নি। পরে যত তাদের সম্পর্ক গাঢ় হয়েছে ততই সৌরভের সঙ্গে বিচ্ছেদ পাকাপাকি করতে মরিয়া হয়ে উঠেছিল সে। আর সেই কারণেই নাকি শেষমেশ আর ধৈর্য ধরতে না পেরে স্বামীকে খুন করে সে। অবশেষে সেই মামলায় মুসকান ও তার প্রেমিককে দোষী সাব্যস্ত করে জেলা আদালত। এদিনের রায়ঘোষণার দিকে নজর ছিল সকলের। অবশেষে জানা গেল তাদের চরম সাজাই শুনিয়েছে মীরাটের একটি আদালত।




