ডিমা হাসাওয়ে তৈল পাম চাষ পরিদর্শন পীযূষ হাজরিকার, কৃষকদের সঙ্গে মতবিনিময়

Spread the news

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : অসমে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানো এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে তৈল পাম চাষের সম্প্রসারণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে ডিমা হাসাও জেলার পুরনো কাংকুরি ও হামরি এলাকায় তৈল পাম চাষের জমি পরিদর্শন করেন মন্ত্রী পীযূষ হাজরিকা। পাশাপাশি স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তৈল পাম চাষের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি আগামী দিনে এই চাষের আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কৃষকদের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চাষকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।

রাজ্যে ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষি উৎপাদনশীলতা শক্তিশালী করা এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানোই তৈল পাম চাষ সম্প্রসারণের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে। একই সঙ্গে কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ করে দিতে তৈল পাম চাষের পাশাপাশি আন্তঃফসল চাষ এবং অন্যান্য উপযোগী ফসল উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য নতুন পরিকল্পনা গ্রহণের উদ্যোগও নেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয়ের বিকল্প পথ তৈরি করার পাশাপাশি রাজ্যে পরিবেশ ও কৃষির দীর্ঘমেয়াদি ভারসাম্য বজায় রেখে টেকসই কৃষি পদ্ধতির প্রসারে গুরুত্ব দেওয়া হয়।
রাজ্যের প্রতিটি জেলার কৃষকদের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে। কৃষকদের স্বার্থে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচন এবং তাঁদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *