শরীফনগরে অঙ্গন মিলন সেবা অনুষ্ঠান, পুষ্টি সচেতনতার বার্তা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে শরীফনগরের ১১৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজিত হলো ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ও দেশসেবায় তাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গর্ভবতী মহিলা, প্রসূতি মা, শিশু, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী-সহায়িকা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন আব্দুল কাইয়ুম।
অঙ্গনওয়াড়ি কর্মী নাজরিন সুলতানা চৌধুরী তাঁর বক্তব্যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। দামি খাবারের পরিবর্তে স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, মরশুমি ফলমূল ও অন্যান্য পুষ্টিকর খাদ্য নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ওজন ও উচ্চতা পরিমাপ এবং শারীরিক বিকাশ পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পুষ্টিকর খাবারের রেসিপি প্রদর্শনী। স্থানীয় খাদ্যসামগ্রী ব্যবহার করে কীভাবে সহজে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা যায়, তা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। মা ও শিশুর পুষ্টি সুরক্ষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভূমিকারও প্রশংসা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে জাবেদুল ইসলাম চৌধুরী, মহি উদ্দিন চৌধুরী, লুকুস মিয়া, মুজিবুর রহমান চৌধুরী, জালাল উদ্দিন, ওয়েসুর রহমান, আবু চৌধুরী ও বদরুল হক-সহ অনেকে উপস্থিত ছিলেন।

শেষে উপস্থিত সকলের মধ্যে খিচুড়ি ও মিষ্টান্ন বিতরণ করা হয়। সভাপতি আব্দুল কাইয়ুমের সমাপ্তি ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *