মিথ্যে কেসে ফাঁসানোর হুমকি, ১৪ তলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী ছাত্র

Spread the news

৯ আগস্ট : প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আইন পাশ প্রেমিককে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া ভয় দেখাচ্ছিলেন প্রেমিকা এবং তাঁর দিদি। এমনটাই অভিযোগ তুলে ১৪ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন ২৪ বছরের আইনে স্নাতক পড়ুয়া! দুই অভিযুক্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে পুলিশ। মুম্বইয়ের বান্দ্রা ইস্টের বহুতলে বাবা–মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন ওই তরুণ।

পুলিশসূত্রে খবর, আগে এক বিচারকের ল’ ক্লার্ক হিসেবে কাজ করতেন তিনি, কিন্তু বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন। তরুণের মায়ের দাবি, বেশ কিছুদিন ধরেই ছেলে মনমরা, স্ট্রেসড হয়ে থাকত। ৬ অগস্ট ওই তরুণের দুই বন্ধুর থেকে তাঁর মা জানতে পারেন, বেঙ্গালুরুতে পড়াশোনা করার সময়ে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর ছেলে। পরে কোনও কারণে সম্পর্ক ভেঙে যায়, তার পর থেকে ওই প্রেমিকা এবং তাঁর দিদি তরুণকে ফোন করে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিতে থাকেন।

তরুণের মা বিষয়টি নিয়ে জানতে চাইলে ছেলে সেটা স্বীকার করেন। ছেলের মোবাইলে অভিযুক্তদের হুমকি–মেসেজও দেখেন মা। বিষয়টি নিয়ে মা যখন ছেলের এক বন্ধুর সঙ্গে কথা বলছেন, তখনই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ওই তরুণ। অনেক ডাকাডাকিতেও ছেলে দরজা না খোলায় ড্রাইভারকে ঘরের ডুপ্লিকেট চাবি বানিয়ে আনতে পাঠান মা। তখন বাড়ির ড্রাইভারই মহিলাকে জানান, বিল্ডিং থেকে কেউ ঝাঁপ দিয়েছে। দৌড়ে নেমে বহুতলের নীচে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মা। হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে খেড়ওয়াড়ি থানায় গিয়ে অভিযুক্ত দুই মহিলার বিরুদ্ধে এফআইআর করে মৃতের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *