বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : প্রাগ নিউজ ও NE News TV-র সাংবাদিক শমীন্দ্র পালকে দৈনিক ‘স্বজাতি’ সংবাদপত্রের পক্ষ থেকে ‘সংবাদরত্ন’ রাজ্য সম্মাননা প্রদান করা হয়েছে। গুয়াহাটি ও যোরহাট থেকে একযোগে প্রকাশিত দৈনিক ‘স্বজাতি’ সংবাদপত্রের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার নগাঁও শহরের একটি অভিজাত হোটেলের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননায় সম্মানিত করা হয়।
নগাঁওয়ে দৈনিক ‘স্বজাতি’ সংবাদপত্রের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্ৰদান
দৈনিক ‘স্বজাতি’ সংবাদপত্রের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিকেলে অনুষ্ঠিত প্রকাশ্য সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোরহাটের শ্রীশ্রী দক্ষিণপাট আশ্রমী সত্রের ডেকা অধিকার শ্রীশ্রী জগন্নাথ দেব গোস্বামী। অনুষ্ঠানে সংবাদপত্রটির সম্পাদক দীপজ্যোতি শইকীয়া, সম্পাদনা উপদেষ্টা ড. মাধুর্য্যমণ্ডিত বরুয়া, প্রকাশক মাধুর্য বরা, জ্যেষ্ঠ সাংবাদিক কনক হাজরিকা এবং সমাজসেবক বিমল দাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বজাতি’র রাজ্যিক সম্মাননায় সম্মানিত করা হয়। সেই অনুযায়ী, এনআরএলের মানবসম্পদ ও আইন বিভাগের মহাপ্রবন্ধক তথা লেখক ড. কাজল শইকিয়াকে ‘প্রজ্ঞায়ন সম্মাননা’ এবং গুয়াহাটির ড. চন্দ্র কুমার নায়ককে ‘সমাজরত্ন সম্মাননা’ প্রদান করা হয়।

অন্যদিকে, প্রাগ নিউজ ও NE News TV-র কাটিগড়ার প্রতিনিধি শমীন্দ্র পালকে ‘সংবাদরত্ন সম্মাননা’ প্রদান করা হয়। পাশাপাশি, তাঁকে ‘স্বজাতি’ সংবাদপত্রের শিলচরের স্টাফ রিপোর্টার হিসেবেও নিযুক্ত করা হয়েছে।
এছাড়া, বিশ্বনাথের সমাজসেবক হরেন টিমুঙকে ‘অক্ষরপ্রহরী সম্মাননা’, মরিয়নির শিক্ষক অসীম গগৈকে ‘গুরুরত্ন সম্মাননা’, সমাজকর্মী পরেশ বরাকে ‘কর্মশিরোমণি সম্মাননা’ এবং যোরহাটের সাংস্কৃতিক কর্মী হিতেশ্বর হাজরিকাকে ‘মানবমৈত্রী সম্মাননা’ প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে প্রতিদিন টাইমের সাংবাদিক হীরকজ্যোতি কলিতাকে ‘সংবাদজ্যোতি সম্মাননা’ এবং নিজ বাঘমারির সমাজকর্মী আলহাজ মওলানা মহম্মদ আজম আলিকে ‘মৈত্রী সম্মাননা’ প্রদান করা হয়। এছাড়াও, যোরহাটের টিয়কের বেতারশিল্পী রুণু গোহাঁইকেও অনুষ্ঠানে সম্মানিত করা হয়।

দৈনিক ‘স্বজাতি’ সংবাদপত্রের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মাননা বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা ও সংস্কৃতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের কর্ম ও কৃতিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করে।



