১১ অক্টোবর : রবিবার দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিমানের কেবিনের উপরের দিকে লাগেজ রাখার জায়গায় হঠাৎ আগুন জ্বলে ওঠে বলে খবর।
প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে, এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করেন কেবিন ক্রুরা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন তাঁরা।
ঘটনার পর নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটির হায়দরাবাদে জরুরি অবতরণ করানো হয় বলে জানা গিয়েছে। স্বস্তির বিষয়, যাত্রী ও বিমানকর্মী-সহ বিমানে থাকা সকলেই নিরাপদ রয়েছেন বলে খবর।
বিমানে কীভাবে আগুন লাগল এবং পাওয়ার ব্যাঙ্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল কি না, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। ঘটনাটি ঘিরে বিমানযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




