বরাক তরঙ্গ, ৩০ মে : হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল পর্যালোচনা সভাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় রাজনৈতিক বিতর্ক ক্রমেই তীব্র আকার ধারণ করছে। শনিবার হাইলাকান্দি থেকে শিলচরে ফিরে জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন করে সোনাইয়ের কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্কর ঘটনার নেপথ্যে আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রের বিধায়ক জুবাইর এনাম মজুমদারের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন।
আমিনুলের দাবি, পর্যালোচনা সভায় যুব কংগ্রেসের এক পদাধিকারী জাহান উদ্দিন বড়ভূইয়া বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, ওই মন্তব্যের প্রতিবাদ করতেই কয়েকজন কর্মী উত্তেজিত হয়ে ওঠেন এবং সভার পরিবেশ অশান্ত হয়ে পড়ে। তাঁর অভিযোগ, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে অনেকেই অতীতেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছিলেন।
ঘটনার সঙ্গে জুবাইর এনামের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়ে আমিনুল বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, আলগাপুর-কাটলীছড়া আসনে কংগ্রেসের জয় সাধারণ ভোটারদের সমর্থনের ফল।
এদিকে, ইন্দিরা ভবনের বাইরে আমিনুলের সমর্থক কংগ্রেস কর্মীদের একাংশ জুবাইর এনামের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্লোগান দেন এবং কংগ্রেসকে দুর্বল করার ষড়যন্ত্রের অভিযোগও আনেন। ঘটনাকে কেন্দ্র করে দলীয় অন্দরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



