বাড়িতে ঢুকে মহিলাকে মারধর, মামলা, ৭২ ঘণ্টা পরও পদক্ষেপ নেই পুলিশের, ক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : বাড়িতে ঢুকে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে তিন ভাইসহ সাতজনের বিরুদ্ধে। ঘটনার ৭২ ঘণ্টা পরও পুলিশ দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় রামনাথপুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত মহিলার ছেলে ও সংবাদকর্মী শিবম নাথ। তিনি নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

ঘটনাটি রামনাথপুর থানার দত্তপুর গ্রামের। শিবমের অভিযোগ, গত বুধবার প্রতিবেশীর বাড়িতে পালিত গরু চলে যাওয়াকে কেন্দ্র করে বচসা বাধে। পরে তিনজন শিবম নাথের বাড়িতে ঢুকে তাঁর মায়ের উপর হামলা চালান বলে অভিযোগ।

শিবম নাথের দাবি, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পবিত্র দাস নামে একজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। আক্রান্ত মহিলা সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সঙ্গে প্রাসঙ্গিক নথি ও প্রমাণ, এমনকি থানার ওসির হোয়াটসঅ্যাপেও পাঠানো হয়েছে বলে দাবি তাঁর।

তবে অভিযোগ দায়েরের ৭২ ঘণ্টারও বেশি সময় পরেও কার্যকর পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিবম নাথ। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, স্থানীয় বিধায়ক মিলন দাস এবং হাইলাকান্দির পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *