বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : সোনাবাড়িঘাটে অঙ্গন মিলন সেবা অনুষ্ঠিত হল। রবিবার স্থানীয় এমভি স্কুলে এগারোটি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয় মিলন সেবা। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাবাড়িঘাট জিপি সভাপতির প্রতিনিধি সুমন রায়, এপি সদস্য আমির হোসেন লস্কর ও গ্রুপ সদস্য আশরাফ হোসেন মজুমদার। বক্তব্যে সুমন রায় শিশু বিকাশে রাজ্য ও কেন্দ্র সরকারের প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি সেগুলো বাস্তবায়ন ও শিশুরা যেন তার সুফল পায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। এপি সদস্য আমির হোসেন লস্কর সোনাবাড়িঘাট জিপিতে একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের দাবি জানান। তিনি বলেন, শিশুর মানসিক বিকাশের প্রথম স্থানই হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তাই কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করে গড়ে তোলার দাবি জানান। আশরাফ হোসেন মজুমদার বক্তব্যে শিশুদের দৈহিক ও মানসিক বিকাশে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন অঙ্গনওয়াড়ি কর্মী রৌজমিন মজুমদার। এ ছাড়া বক্তব্য রাখেন আরেক কর্মী অলকা বেগম চৌধুরী। মিলন সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাবাড়িঘাট-বাগপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, গ্রুপ সদস্য মহিবুল ইসলাম চৌধুরী, দক্ষিণ সৈদপুর জিপির গ্রুপ সদস্য সামসুল হক লস্কর, সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে খুদে শিশুরা নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশু চৌধুরী। এ দিন এগারোজন কর্মীর হাতে চেক তুলে দেন অতিথিরা।



