বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : জনকল্যাণমূলক উদ্যোগকে আরও শক্তিশালী করা এবং স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আসাম রাইফেলসের উদ্যোগে মণিপুরের জিরিবামের সেজাং গ্রামে একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। স্পিয়ার কোরের তত্ত্বাবধানে অপারেশন সদ্ভাবনার অধীনে গত ৯ অক্টোবর এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া যায়। শিবিরে মোট ১৩৫ জন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ৪৫ জন পুরুষ, ৫৭ জন মহিলা এবং ৩৩ জন শিশু ছিল।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। বিশেষ করে মহিলা ও শিশুদের চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি আসাম রাইফেলসের জওয়ানদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করা হয়।

আসাম রাইফেলস ও স্পিয়ার কোরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় জনগণের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অপারেশন সদ্ভাবনার অধীনে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি সাধারণ মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পারস্পরিক বিশ্বাস ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করার প্রচেষ্টাও চালানো হচ্ছে।




