বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের প্রচার জোরদার হচ্ছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি এলাকার সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন বিভিন্ন দলের প্রার্থীরা। তবে শাসক দলের বাড়তি সুবিধায় প্রচারে এগিয়ে রয়েছেন বিজেপির বেশ কয়েকজন প্রার্থী।
৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাধারানি রবিদাস জানান, নির্বাচিত হলে জনগণের সেবাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের সমস্যা সমাধান এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থার ওপর গুরুত্ব দেবেন। বরাক নদীর তীরবর্তী এলাকায় আবর্জনা ও বর্জ্য ফেলা বন্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং চরাঞ্চলের বসতবাড়ির জমির পাট্টা সংক্রান্ত সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণের কথাও জানান তিনি।

১৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী জয়া বর্ধনও জলাবদ্ধতা, ড্রেনেজ, পানীয় জল, রাস্তা ও পথবাতির সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিজেপি প্রার্থী প্রতীক্ষা দেবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন জয়া বর্ধন। তবে এ বিষয়ে প্রতীক্ষা দেবের বক্তব্য জানা যায়নি।

৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রঞ্জিত দেবনাথ জনগণের সেবা, রাস্তা, পানীয় জল, ড্রেনেজ ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান। তিনি শাসক দলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগও তোলেন। তবে অভিযোগের বিষয়ে শাসক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিক্ষাগত যোগ্যতা নিয়েও শাসক দলের প্রার্থীকে প্রশ্ন করেন তিনি।

অন্যদিকে, ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী আতাউর রহমান জনস্বার্থ ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। একইভাবে ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নাজির হোসেন মজুমদার প্রচার জোরদার করে তুলেছেন। এবার নির্বাচন ঘিরে বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন, নাগরিক পরিষেবা ও স্থানীয় সমস্যাই প্রচারের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।



