বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : গোয়ালপাড়ায় শিশু ও মহিলাসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গোয়ালপাড়া বাসস্ট্যান্ডের কাছে তাঁদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে গোয়ালপাড়া সদর থানায় নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, গুয়াহাটি থেকে আসা একটি বাসে করে গোয়ালপাড়ায় পৌঁছেছিলেন ওই ১২ জন। বাস থেকে নামার পর বাসস্ট্যান্ডের আশপাশে তাঁদের দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে বড়লেখার হাসিমপুর গ্রামের বাসিন্দাও রয়েছেন বলে খবর। জিজ্ঞাসাবাদে ধৃতরা বাংলাদেশ থেকে আসার কথা স্বীকার করেছেন বলে জানা যায়। পাশাপাশি, দালালের সহায়তায় তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন বলেও দাবি করা হয়েছে।
ঘটনার পর থেকেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে গোয়ালপাড়া পুলিশ। কী উদ্দেশ্যে তাঁরা ভারতে এসেছিলেন, তাঁদের সঙ্গে কোনও মানবপাচার চক্রের যোগসূত্র রয়েছে কি না এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।



