বরাক তরঙ্গ, ১৯ জুলাই : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন (জিএনআরএফ)-এর উদ্যোগে রবিবার শিলচরের মধুরবন্দ ওয়াটার ওয়ার্কস রোড সংলগ্ন ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংস্থার সদস্যদের পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তি, সমাজকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
কর্মসূচির সূচনায় পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বর্তমান পরিস্থিতিতে বেশি বেশি গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যা করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
জিএনআরএফ-এর প্রতিনিধিরা জানান, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের সুস্থ জীবনযাপনের অন্যতম ভিত্তি। সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার তত্ত্বাবধানে পরিচালিত গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত রক্তদান শিবির, তীব্র গরমে পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল বিতরণ, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা প্রদানের মতো কার্যক্রমও সংস্থার অন্যতম উদ্যোগ।
অনুষ্ঠানের শেষে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন, বেশি বেশি গাছ লাগানো এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানায় জিএনআরএফ।



