নভেম্বরে বিশ্বসাহিত্যের মিলনমেলা আয়োজিত হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ে

Spread the news

বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : বরাক উপত্যকা তথা উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ সাহিত্য, সংস্কৃতি, ভাষা ও বহুত্ববাদী ঐতিহ্যকে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। স্পেন, উরুগুয়ে, ইতালি, সুইজারল্যান্ড, ব্রিটেন ও বাংলাদেশ থেকে বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিকরা বরাক উপত্যকায় আসছেন। পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও কবি, লেখক, সাহিত্যিক, গবেষক ও শিক্ষাবিদরা এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করবেন। ফলে শিলচর হয়ে উঠতে চলেছে বিভিন্ন ভাষা, দেশ ও সংস্কৃতির সাহিত্যিকদের মিলন ও ভাববিনিময়ের এক গুরুত্বপূর্ণ পরিসর। আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর ২০২৬ আসাম বিশ্ববিদ্যালয়, শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও সাহিত্য উৎসব।

‘সীমান্ত পেরিয়ে সংলাপ’ শীর্ষক এই আন্তর্জাতিক আয়োজনের মূল প্রতিপাদ্য— ‘সাহিত্য, সংস্কৃতি ও এক অভিন্ন মানবতার ভবিষ্যৎ’। সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার বিভিন্ন সীমা অতিক্রম করে পারস্পরিক সংলাপ, মতবিনিময় ও সাংস্কৃতিক আদান-প্রদানের একটি আন্তর্জাতিক পরিসর তৈরি করাই এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।

এই সাহিত্য উৎসবে ভারত ও বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্য, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড ও উরুগুয়ে-সহ বিভিন্ন দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন আদনান আল-সায়েগ (ব্রিটেন), হুলিও সেসার পাবানেত্তি গুতিয়েরেস (উরুগুয়ে), সাবরিনা দে কানিও (ইতালি), আনাবেল গ্লাদিস ভিয়ার সুয়ারেজ (স্পেন), বালবিনা প্রিয়োর বারবারোখা (স্পেন), লুসিয়া ত্রাপাজ্জো (সুইজারল্যান্ড), মো. আমিনুর রহমান (বাংলাদেশ) । এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক ও গবেষকরাও এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করবেন।

বরাক উপত্যকার নিজস্ব সাহিত্য ও সংস্কৃতির রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ ঐতিহ্য। সেই ঐতিহ্যকে তার স্বকীয়তা ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই বিশ্বের বিভিন্ন ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে  আন্তঃসাংস্কৃতিক সংলাপের পরিসরে নিয়ে আসাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বরাক উপত্যকা ও উত্তর-পূর্ব ভারতের সাহিত্যচর্চার সঙ্গে বিশ্বের নানা প্রান্তের সাহিত্যিক ও গবেষকদের ভাববিনিময়ের সুযোগ তৈরি হবে এই উৎসবের মধ্য দিয়ে।

এই আন্তর্জাতিক সেমিনার ও সাহিত্য উৎসবের আয়োজক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক অধ্যাপক সুমন গুণ। আয়োজনের সমন্বয়কের দায়িত্বে থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বরুণজ্যোতি চৌধুরী। তাঁদের নেতৃত্বে বাংলা বিভাগ এই আন্তর্জাতিক আয়োজনকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয়ের কাজ পরিচালনা করছে। তিন দিনের এই আয়োজনে থাকবে আন্তর্জাতিক সেমিনার, কবিতা ও সাহিত্যপাঠ, সাহিত্যিক ও গবেষকদের পারস্পরিক সংলাপ, সাংস্কৃতিক বিনিময় এবং বিভিন্ন দেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা।

এই আন্তর্জাতিক সাহিত্য উৎসবে গবেষক, ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কবি, লেখক ও সাহিত্যিকরা অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহী অংশগ্রহণকারীরা তাঁদের গবেষণাপত্র, প্রবন্ধ ও সৃজনশীল কাজ উপস্থাপনের সুযোগ পাবেন। নিবন্ধনের জন্য নির্ধারিত ফর্ম আসাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *