মণিপুরের কামজং জেলায় ২৭টি আইইডি নিষ্ক্রিয় করল সেনা বাহিনী

Spread the news

বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : মণিপুরের কামজং জেলায় ধারাবাহিক আইইডি বিস্ফোরকের হুমকি নস্যাৎ করল নিরাপত্তা বাহিনী। প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের বোমা নিষ্ক্রিয়করণ দলের যৌথ অভিযানে ২৭টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) শনাক্ত করে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।

প্রতিরক্ষা বিভাগের ওই আধিকারিকের বিবৃতি অনুযায়ী, গত ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত কামজং জেলার শাংখালোক–পিলং রুটে এই অভিযান চালানো হয়। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথে বিভিন্ন স্থানে বিস্ফোরকগুলি লুকিয়ে রাখা হয়েছিল।
ঝোপঝাড়ের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ওই বিস্ফোরকগুলি শনাক্ত করতে বিশেষ তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে বিস্ফোরক শনাক্তকরণের কাজে প্রশিক্ষিত স্নিফার ডগ বা অনুসন্ধানী কুকুরও ব্যবহার করা হয়।

নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের বিপদের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে বলে প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই ঘটনায় কারা বিস্ফোরকগুলি পুঁতে রেখেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *