৯ অক্টোবর : হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর সামনে এসেছে। তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রের মাইনে আঘাত করার ফলেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
বৃহস্পতিবার প্রচারিত এক প্রতিবেদনে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে আইআরআইবি জানায়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বিস্ফোরণগুলি ঘটে। তেহরানের অনুমোদনহীন পথে চলাচলকারী কয়েকটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে এই ঘটনায় ঠিক কতগুলি ট্যাংকার জড়িত, সেগুলির পরিচয় কী কিংবা বিস্ফোরণের ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু জানানো হয়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ হরমুজ প্রণালিতে এই বিস্ফোরণের খবর ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারগুলির সংশ্লিষ্টতা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।



