সপরিবারে উমরাহ পালনে মক্কার পথে আমিনুর রশিদ চৌধুরী

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে মক্কা শরীফের পথে যাত্রা করছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। আগামী ৯ অক্টোবর গুয়াহাটি থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে করিমগঞ্জ থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন বিধায়ক। মক্কায় পবিত্র কাবা শরীফ জিয়ারত ও উমরাহ পালনের পাশাপাশি মদিনা শরীফে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের পরিকল্পনাও রয়েছে তাঁর।
এই পবিত্র সফরকে কেন্দ্র করে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শুভেচ্ছা ও দোয়ার পরিবেশ তৈরি হয়েছে।

সফরের প্রাক্কালে এক বার্তায় আমিনুর রশিদ চৌধুরী বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র উমরাহ পালনের সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সফরটি যাতে নিরাপদ ও কল্যাণময় হয় এবং মহান আল্লাহ তাঁর উমরাহ কবুল করেন, সে জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
তিনি আরও জানান, পবিত্র মক্কা ও মদিনায় গিয়ে নিজের পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সকলের মঙ্গল কামনায় দোয়া করবেন। তাঁর এই ধর্মীয় সফর সফল ও শান্তিপূর্ণ হোক, সেই কামনা করছেন দক্ষিণ করিমগঞ্জের শুভাকাঙ্ক্ষীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *