মোহাম্মদ জনি, পাথারকান্দি।
কটামণি, ৮ অক্টোবর: সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দিতে করিমগঞ্জ জেলার লোয়াইরপোয়া ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ ‘সেবা সংকল্প’ শিবির। পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে ‘সেবা সেতু’ অভিযানের অধীনে আয়োজিত এই শিবিরে প্রায় দুই হাজার মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ ও প্রকল্পে আবেদনের সুযোগ পান।
শিবিরে মোট ১১টি সরকারি দপ্তরের পৃথক কাউন্টার খোলা হয়। স্বাস্থ্য বিভাগ, এপিডিসিএল, আধার কেন্দ্র, অরুণোদয় পরিষেবা কেন্দ্র-সহ বিভিন্ন দপ্তরের কর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের সমস্যা সমাধানে সহায়তা করেন। ফলে সরকারি পরিষেবা পেতে বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরির পরিবর্তে একই জায়গায় একাধিক কাজের সুযোগ পান উপভোক্তারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক যাত্রার ২৫ বছর পূর্তি উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে ‘সেবা সংকল্প’ অভিযান। এই কর্মসূচির অংশ হিসেবেই লোয়াইরপোয়ায় শিবিরটির আয়োজন করা হয়। অরুণোদয় প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা, আধার সংক্রান্ত কাজ ও বিদ্যুৎ পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে আবেদন, সংশোধন এবং সমস্যার সমাধানে সহায়তা করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়ার খণ্ড উন্নয়ন আধিকারিক যুগান্তর কোঁওর, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সজল কুর্মি, জেলা পরিষদ সদস্য স্বপন দাস এবং স্থানীয় মণ্ডল বিজেপির সভানেত্রী সম্পা রানি চৌধুরী-সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক।
আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সজল কুর্মি বলেন, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিশেষ উদ্যোগেই এই জনকল্যাণমূলক শিবিরের আয়োজন সম্ভব হয়েছে। তাঁর মতে, এক জায়গায় একাধিক সরকারি পরিষেবা পাওয়ায় সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও মহিলাদের জন্য এই উদ্যোগ অত্যন্ত সহায়ক।
সব মিলিয়ে, সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই শিবিরে ব্যাপক সাড়া মেলে। প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সহজলভ্য করতেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিল।



