
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : শিলচর শহর কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অতনু ভট্টাচার্য। পুর নিগম নির্বাচনে দলের ব্যর্থতার দায়ভার গ্রহণ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের কাছে পাঠানো পদত্যাগপত্রে অতনু ভট্টাচার্য জানান, শিলচর শহর কংগ্রেসকে প্রত্যাশিত নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে তিনি ব্যর্থ হয়েছেন। পুর নিগম নির্বাচনে দলের ফলাফলও তাঁর নেতৃত্বের ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, নির্বাচনে দলের ব্যর্থতার নৈতিক দায়ভার তিনি নিজের কাঁধে নিচ্ছেন। সেই কারণেই শহর কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই পদত্যাগকে ঘিরে শিলচর কংগ্রেসের অন্দরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।



